নিউজ ডেস্ক: যে দেবতার কাছে প্রার্থনা করে বন্য হাতির উপদ্রব থেকে রেহাই মিলবে বলে আশা করেছিলেন গ্রামবাসীরা, সেই আরাধ্য দেবতার মন্দিরই গুঁড়িয়ে দিল দাঁতালের দল! জলদাপাড়া বনাঞ্চল সংলগ্ন ফালাকাটা ব্লকের শিবনাথপুর মৌজার ঠুমাপাড়া এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার গভীর রাতে হাতির দল গ্রামে ঢুকে এই তাণ্ডব চালায়। বন্যপ্রাণীর এই হামলায় মহাকাল মন্দিরটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে জলদাপাড়ার জঙ্গল থেকে সংলগ্ন ফালাকাটার ঠুমাপাড়া গ্রামে আচমকাই হানা দেয় ২-৩টি হাতির একটি দল। গ্রামে ঢুকেই প্রথমে বেশ কিছু সুপারি গাছ ও ফসলের ক্ষয়ক্ষতি করে হাতিগুলি। এর পর হাতির দলটি সটান ঢুকে পড়ে গ্রামের শতাব্দী প্রাচীন মহাকাল মন্দিরে। গ্রামবাসীদের অভিযোগ, দলের একটি বিশাল দাঁতাল হাতি প্রথমে মন্দিরের পাকা খুঁটিগুলি ধাক্কা মেরে ভেঙে ফেলে। এর পর শুঁড় ও পায়ের ধাক্কায় মন্দিরের ভেতরে থাকা মহাকালের মূর্তিটিও সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেয়।
গ্রামের বাসিন্দারা জানান, বনাঞ্চল সংলগ্ন এলাকা হওয়ায় প্রায়শই সেখানে হাতির দল হানা দেয়। হাতির এই উপদ্রব ও তাণ্ডব থেকে নিজেদের ঘরবাড়ি ও ফসল রক্ষা করার আশাতেই মূলত ওই মন্দিরে মহাকালের পুজো করতেন তাঁরা। কিন্তু এদিন খোদ দেবতার মন্দিরই হাতির দলের আক্রোশের মুখে পড়ায় আতঙ্কিত ও হতাশ গ্রামবাসীরা।
ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালেই বনদফতরের কর্মীরা ফালাকাটার ওই ক্ষতিগ্রস্ত এলাকায় যান। তাঁরা পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্য হাতির হামলায় মন্দিরের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। সরকারি নিয়ম ও নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। তবে এই ঘটনার পর থেকে এলাকায় হাতির নতুন করে হামলার আশঙ্কা তৈরি হয়েছে, তাই রাতে বনকর্মীদের টহলদারির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।