নিজস্ব সংবাদদাতা- রাজ্যে স্পেশাল ইন্টারঅ্যাক্টিভ রিভিশন (এসআইআর) বা বিশেষ সংক্ষিপ্ত ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ পিছিয়ে গেল। মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারির বদলে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা। মঙ্গলবার দিল্লির নির্বাচন সদনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ কুমার আগরওয়ালের বৈঠকের পরেই এই নতুন সূচি ঘোষণা করা হয়েছে।
মূলত সুপ্রিম কোর্টের নির্দেশের জেরেই এই সময়সীমা বৃদ্ধি। সোমবার শীর্ষ আদালত নির্দেশ দেয়, নথিপত্র যাচাই বা স্ক্রুটিনির জন্য কমিশনকে অতিরিক্ত সাত দিন সময় দিতে হবে। ইআরও এবং এইআরও-রা যাতে প্রতিটি নথি নিখুঁতভাবে পরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। আদালতের নির্দেশে আরও স্পষ্ট করা হয়েছে যে, মাইক্রো অবজার্ভারদের এই সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কোনও আইনি অধিকার নেই। এর আগে গত ৭ ফেব্রুয়ারি শুনানির কাজ শেষ হওয়ার কথা থাকলেও, নথিপত্র স্ক্রুটিনির জন্য বাড়তি সময়ের প্রয়োজনীয়তা জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছিলেন সিইও মনোজ কুমার আগরওয়াল।
নতুন সূচি অনুযায়ী, ভোটার তালিকা সংক্রান্ত শুনানি বা হিয়ারিং শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। এরপর ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে স্ক্রুটিনি পর্ব। আগেকার সূচিতে ১৪ ফেব্রুয়ারি তালিকা প্রকাশের কথা থাকলেও, স্ক্রুটিনির জন্য বাড়তি এক সপ্তাহ সময় নিয়ে শেষ পর্যন্ত ২৮ ফেব্রুয়ারিকেই চূড়ান্ত দিন হিসেবে বেছে নিল কমিশন। কমিশনের এই সিদ্ধান্তের ফলে ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের কাজে যুক্ত আধিকারিকরা আরও স্বচ্ছতার সঙ্গে কাজ সম্পন্ন করতে পারবেন বলে মনে করা হচ্ছে।