নিউজ ডেস্ক: প্রথম দফার ভোটের মাত্র তিন দিন আগে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার গোসাবা। রবিবার রাতে প্রচারের কাজ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে বিদ্ধ হলেন দিব্যেন্দু গায়েন নামে এক সক্রিয় তৃণমূল কর্মী। গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ভূপেন্দ্রপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। হামলার নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে দাবি করেছে শাসকদল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী ২২ এপ্রিল গোসাবায় তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলের সমর্থনে একটি বড় নির্বাচনী সভা হওয়ার কথা। সেই সভার প্রস্তুতি নিয়ে রবিবার সন্ধ্যায় একটি বৈঠক ছিল। বৈঠক সেরে রাত ১১টা নাগাদ মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন দিব্যেন্দু। অভিযোগ, ভূপেন্দ্রপুরে ঢোকার মুখে একটি বাইকে চড়ে আসা দুষ্কৃতীরা তাঁর পথ আটকায়। তিনি কিছু বুঝে ওঠার আগেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দুষ্কৃতীরা মুহূর্তের মধ্যে এলাকা ছেড়ে চম্পট দেয়।
স্থানীয় বাসিন্দারা শব্দ শুনে ছুটে এসে দিব্যেন্দুকে উদ্ধার করে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। তাঁর ডান পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণাকাতর দিব্যেন্দু বলেন, “দুটো গুলি চালিয়েছিল ওরা, একটা আমার পায়ে লাগে। মানুষ ওদের পাশে নেই, জনসমর্থন হারিয়েই ওরা এখন হিংসার পথ বেছে নিয়েছে।”
এই ঘটনায় এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে তৃণমূল নেতৃত্বের দাবি, এলাকাকে অশান্ত করে ভোট বানচাল করার চেষ্টা করছে বিরোধীরা। ঘটনার তদন্ত শুরু করেছে গোসাবা থানার পুলিশ। নির্বাচনের মুখে ওই এলাকায় আর কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য টহলদারি বাড়ানো হয়েছে। কারা এই গুলিকাণ্ডের পেছনে ছিল, তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।