নিউজ ডেস্ক: কোনো ওটিপি (OTP) আসেনি, শেয়ার করা হয়নি গোপন পিনও। অথচ মাত্র এক ঘণ্টার ব্যবধানে ১৩ বার লেনদেন হয়ে সিআরপিএফ (CRPF) অফিসারের ক্রেডিট কার্ড থেকে উধাও হয়ে গেল প্রায় ২ লক্ষ টাকা! দ্বিতীয় দফার নির্বাচনের ঠিক আগের দিন, মঙ্গলবার বিধাননগর দক্ষিণ থানায় এই মর্মান্তিক প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই সেনা আধিকারিক। সল্টলেক এলাকায় একের পর এক এ ধরনের সাইবার অপরাধের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী অফিসারের কার্ড থেকে গত ২৪ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টার মধ্যে মোট ১ লক্ষ ৯৭ হাজার ২৬ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। সবকটি লেনদেনই করা হয়েছে ইউপিআই (UPI)-এর মাধ্যমে। বিষয়টি নজরে আসতেই ওই অফিসার তৎক্ষণাৎ ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে ফোন করে কার্ডটি ব্লক করেন এবং মঙ্গলবার পুলিশের দ্বারস্থ হন।
সাইবার বিশেষজ্ঞদের মতে, ওটিপি বা পিন ছাড়াই টাকা হাতানোর এই পদ্ধতি অত্যন্ত উদ্বেগজনক। অনেক ক্ষেত্রে মোবাইলে বিভিন্ন অ্যাপ বা ই-কমার্স সাইটে কার্ডের তথ্য সেভ করা থাকলে তা হ্যাকারদের কবলে পড়ার ঝুঁকি থাকে। এছাড়া প্রতারকরা অনেক সময় ক্ষতিকারক ‘.apk’ ফাইল পাঠিয়ে ফোন হ্যাক করে ব্যবহারকারীর অগোচরেই সমস্ত তথ্য নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ট্রানজাকশন আইডি ধরে অভিযুক্তদের সন্ধান শুরু করেছে। এই সাইবার চক্রের পেছনে বড় কোনো গ্যাং জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। বারবার সল্টলেকে একই কায়দায় প্রতারণার ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।