নিউজ ডেস্ক: ডুয়ার্সের পথে চললে যে কোনো সময় দেখা মিলতে পারে বনের রাজার— বৃহস্পতিবার দুপুরে ১৭ নম্বর জাতীয় সড়কে পর্যটকদের সেই শখ মিটিয়ে দিল একপাল হাতি। দুপুর ৩টে নাগাদ লাটাগুড়ির মহাকাল ধাম সংলগ্ন এলাকায় একদল হাতিকে নির্ভয়ে রাস্তা পারাপার করতে দেখা যায়। বুনো হাতিদের এই রাজকীয় মেজাজ দেখতে পর্যটকদের গাড়ির লম্বা লাইন পড়ে যায় জাতীয় সড়কের ওপর।

অন্যদিকে, নাগরাকাটার জলঢাকা সেতুর কাছেও এদিন বিকেলের দিকে একটি বিশালাকায় দাঁতাল হাতিকে প্রায় দু’ঘণ্টা ধরে ঘোরাঘুরি করতে দেখা যায়। স্থানীয় ও পর্যটকদের ভিড় সামলাতে পুলিশ ও বন দপ্তরের নজরদারি চললেও, হাতিটিকে ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি কেউই।

জলপাইগুড়ি থেকে বাইক নিয়ে মহাকাল ধামে পুজো দিতে আসা রোহিত রায় ও তাঁর বন্ধুরা জানান, পুজোর মাঝেই হঠাৎ হাতির চিৎকার শুনে তাঁরা সতর্ক হয়ে যান। কিছুক্ষণ বাদেই দেখা যায়, ছোট-বড় মিলিয়ে আস্ত একটি হাতির পাল লাইন দিয়ে রাস্তা পার হচ্ছে। সেই বিরল মুহূর্ত মোবাইলে ধরে রাখতে ভিড় জমান বাইক ও গাড়ি আরোহীরা।

একই অভিজ্ঞতা ময়নাগুড়ি থেকে আসা মৌটুসি শীলের। চাপড়ামারি ভ্রমণের মাঝেই জলঢাকা সেতুর কাছে হাতি বেরনোর খবর পেয়ে তাঁরা তড়িঘড়ি সেখানে পৌঁছান। সন্ধ্যা পর্যন্ত একটি দলছুট দাঁতালকে সেখানে আপন মনে ঘুরে বেড়াতে দেখা যায়। পর্যটকদের সুবিধার্থে ও হাতিদের নিরাপত্তা নিশ্চিত করতে বন কর্মীরা পুরো এলাকাটি পর্যবেক্ষণ করছেন।

Share on Social Media