নিউজ ডেস্ক: ভোররাতে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। দীঘা-নন্দকুমার জাতীয় সড়কের ওপর খারাপ হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসের পিছনে সজোরে ধাক্কা মারল দ্রুত গতিতে আসা একটি বেপরোয়া লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চার জনের। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও তিন জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন ওই বাসের মালিক, চালক এবং দুই খালাসি (সহকারী)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত তিনটে নাগাদ খেজুরি থানার হেঁড়িয়া হাসপাতালের কাছে জাতীয় সড়কের ওপর একটি খালি বাস যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে ছিল। সেই সময় রাস্তার ধারে গাড়িটি দাঁড় করিয়ে মেরামতের কাজ করছিলেন মিস্ত্রিরা। বাসের পাশেই দাঁড়িয়ে গোটা বিষয়টি তদারকি করছিলেন বাসের মালিক, চালক ও হেল্পাররা। ঠিক তখনই দীঘার অভিমুখে যাওয়া একটি বেপরোয়া লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসটির পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে চাকার তলায় পিষে গিয়ে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন বাসের মালিক তপন দাস (৪৪), যাঁর বাড়ি বাজকুলে। বাকি তিন মৃত হলেন বাসের চালক শিবব্রত পট্টনায়েক, এবং দুই হেল্পার অশোক মাইতি ও শুভদীপ মণ্ডল। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও কর্তব্যরত পুলিশকর্মীরা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। জখম তিন জনকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হেঁড়িয়া হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘাতক লরিটিকে ইতিমধ্যেই আটক করেছে খেজুরি থানার পুলিশ। ঘটনার বিশদ তদন্ত শুরু হয়েছে।

Share on Social Media