নিউজ ডেস্ক: ভোটের মুখে ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনার জগদ্দল। বুধবার রাতে মতুয়া নেতা নান্টু গোঁসাইয়ের বাড়িতে একদল দুষ্কৃতী চড়াও হয় বলে অভিযোগ উঠেছে। নান্টুবাবুর দাবি, হামলাকারীরা সংখ্যায় ছিল অন্তত ২০ জন এবং তারা প্রত্যেকেই হিন্দিতে কথা বলছিল। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বুধবার সকালেই তিনি জগদ্দল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর স্পষ্ট অভিযোগ, ভিন রাজ্য থেকে লোক এনে এলাকায় পরিকল্পিতভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে।

ঘটনার বর্ণনা দিয়ে নান্টু গোঁসাই জানান, বুধবার রাতে হঠাৎই একদল যুবক তাঁর বাড়ির দরজায় লাথি মারতে শুরু করে। হিন্দি ভাষায় কুরুচিকর গালিগালাজ করতে থাকে তারা। নান্টুবাবুর কথায়, “আমি ভয়ে দরজা খুলিনি। প্রাণের ঝুঁকি ছিল। আমি নিশ্চিত এরা এলাকার লোক নয়, অন্য রাজ্য থেকে এদের পাঠানো হয়েছে।” উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে তাঁর অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছিলেন এই মতুয়া নেতা। সেই সময় তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম তাঁর পাশে দাঁড়িয়েছিলেন এবং নান্টুবাবুকে হাসপাতালে ভর্তি করেছিলেন। সেই ঘটনার পর থেকেই তিনি বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে আসছেন।

এদিকে, জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ রাজেশ কুমারের একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার পারদ আরও চড়েছে। প্রচারে বেরিয়ে রাজেশ কুমার প্রকাশ্যেই হুঁশিয়ারি দিয়েছেন যে, দুষ্কৃতীদের তিনি ‘ল্যাম্পপোস্টে ঝুলিয়ে মারবেন’। তাঁর এই মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। নান্টু গোঁসাইয়ের মতে, বিজেপি প্রার্থীর এই ধরণের উস্কানিমূলক মন্তব্যের কারণেই অপরাধীদের সাহস বাড়ছে। তিনি পালটা কটাক্ষ করে বলেন, “বিজেপি প্রার্থী রাজস্থান থেকে এখানে এসে অশান্তি ছড়াচ্ছেন। ভোটের পর হেরে গিয়ে তিনি ফের রাজস্থানেই ফিরে যাবেন।” জগদ্দল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।

Share on Social Media