নিউজ ডেস্ক: প্রথম দফার ভোটের ৯৬ ঘণ্টা আগে থেকেই রাজ্যজুড়ে মদের দোকান ও বার বন্ধের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আর এই কড়াকড়ির মধ্যেই মুর্শিদাবাদে বড়সড় সাফল্য পেল পুলিশ ও আবগারি দপ্তর। মঙ্গলবার রাতে দৌলতাবাদ থানা এলাকায় রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হলো বিপুল পরিমাণ বিদেশি মদ। এই ঘটনায় একটি গাড়িকেও আটক করেছে পুলিশ। তবে সবথেকে চাঞ্চল্যকর বিষয় হলো, উদ্ধার হওয়া মদের পেটিগুলি তৃণমূল কংগ্রেসের পতাকা ও ফেস্টুন দিয়ে ঢাকা ছিল বলে অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে দৌলতাবাদ এলাকায় একটি সন্দেহভাজন গাড়িকে ধাওয়া করেন আধিকারিকরা। গাড়িটি থামিয়ে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। দেখা যায়, গাড়ির ভেতরে থাকা মদের পেটিগুলিকে কৌশলে শাসক দলের পতাকা ও ফেস্টুন দিয়ে আড়াল করা হয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, ভোটের ঠিক আগে ভোটারদের প্রভাবিত করতে অথবা অবৈধভাবে মজুত করার লক্ষ্যেই এই বিপুল পরিমাণ সুরা নিয়ে যাওয়া হচ্ছিল।

ভোটের মুখে কমিশনের নজরদারি এড়িয়ে শাসক দলের ঝাণ্ডা ব্যবহার করে মদ পাচারের এই চেষ্টা ঘিরে জেলায় তীব্র রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। বিরোধীদের দাবি, নির্বাচনী বিধি ভেঙে পেশিশক্তি ও মদের দাপট দেখাতেই এই কারবার চলছে। যদিও এই বিষয়ে শাসক শিবিরের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। উদ্ধার হওয়া মদের উৎস এবং গন্তব্য কোথায় ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ ও আবগারি দপ্তর।

Share on Social Media