নিউজ ডেস্ক: ডুয়ার্সের জঙ্গলপথে যাতায়াতের অন্যতম ভরসা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (NBSTC) বাস। কিন্তু নিয়ম মেনে মেয়াদ শেষ হওয়ায় এবার জয়ন্তী, জলদাপাড়া, শিলিগুড়ি ও কোচবিহার রুটের চারটি বাস বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল নিগম। আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ওই বাসগুলির ১৫ বছর পূর্ণ হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী, নির্ধারিত আয়ু ফুরিয়ে যাওয়ায় এই বাসগুলি আর চালানো যাবে না। আর ঠিক এই জায়গাতেই সিঁদুরে মেঘ দেখছেন আলিপুরদুয়ারের বাসিন্দারা।
উচ্চমাধ্যমিক পরীক্ষার ভরা মরসুমে জয়ন্তী বা জলদাপাড়ার মতো জঙ্গল রুটে বাস পরিষেবা ব্যাহত হলে পরীক্ষার্থী ও সাধারণ মানুষ চরম সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আলিপুরদুয়ার ডিপো সূত্রে খবর, বর্তমানে সেখানে ৪৫টি বাস থাকলেও রিজার্ভ বাসের সংখ্যা শূন্য। ফলে একটি বাস বসিয়ে অন্যটি নামানোর উপায় নেই। আলিপুরদুয়ার ডিপো ইনচার্জ প্রশান্ত সাহা জানিয়েছেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ডিপোতে অন্তত আরও ১০টি বাসের প্রয়োজন রয়েছে।”
সমস্যা মেটাতে নিগম অবশ্য আশার কথা শুনিয়েছে। এনবিএসটিসি-র ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানান, ১০৬টি নতুন বাসের টেন্ডার করা হয়েছে, যার মধ্যে সিএনজি ও ডিজেল চালিত বাস রয়েছে। তবে সেই বাস পরিষেবা পেতে এখনও কয়েক মাস সময় লাগতে পারে। ততদিন পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে কোচবিহার রুটের বাস কমিয়ে জয়ন্তী রুটে চালানো যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে। যদিও জঙ্গল পথের ঝুঁকি বিবেচনায় ছোট বাস চালানো নিয়ে চিন্তিত কর্তারা।