নিউজ ডেস্ক: ডুয়ার্সের সবুজ ঘেরা মাদারিহাটের এক চিলতে গ্রাম থেকে এবার পাড়ি ওডিশার ভুবনেশ্বরে। অভাব আর লড়াইকে সঙ্গী করে ভারতীয় বন বিভাগ বা আইএফএস (Indian Forest Service)-এ উত্তীর্ণ হয়ে নজির গড়লেন দীপায়ন দাস। দক্ষিণ মাদারিহাটের এই ভূমিপুত্রের সাফল্যে এখন খুশির হাওয়া আলিপুরদুয়ার জেলাজুড়ে। আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে তাঁর রাজকীয় প্রশিক্ষণ।
২০২৪ সালের আইএফএস পরীক্ষায় সারা ভারতের মেধাতালিকায় ১০৯ নম্বরে স্থান করে নিয়েছিলেন দীপায়ন। প্রিলিমিনারি ও মেইন পরীক্ষার বৈতরণী পার করলেও প্রশিক্ষণের দিনক্ষণের জন্য এতদিন অপেক্ষায় ছিলেন তিনি। দু’দিন আগে সেই মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে এসেছে। ভুবনেশ্বরে প্রশিক্ষণে যোগ দেওয়ার ডাক পেয়েছেন তিনি। দীপায়ন একা নন, রাজ্য থেকে কালিম্পংয়ের আরও এক কৃতী এই তালিকায় নাম লিখিয়েছেন।
ছেলের এই আকাশছোঁয়া সাফল্যে চোখের জল ধরে রাখতে পারছেন না বাবা মদনমোহন দাস। একসময় মাদারিহাট উচ্চবিদ্যালয়ের করণিক হিসেবে কাজ করা মদনমোহন বাবুর লড়াই আজ সার্থক। দীপায়নের কথায়, “আজ মা বেঁচে থাকলে সবথেকে বেশি খুশি হতেন।” প্রাথমিক পাঠ মাদারিহাট ব্লিস নার্সারি স্কুলে সেরেছিলেন দীপায়ন। খুশি দীপায়নের স্ত্রী শ্রীলেখা দাসও। ডুয়ার্সের অরণ্যঘেরা পরিবেশে বড় হওয়া দীপায়ন এবার দেশের বন্যপ্রাণী ও বনজ সম্পদ রক্ষায় বড় ভূমিকা নিতে চলেছেন— এই প্রত্যাশায় বুক বাঁধছে গোটা মাদারিহাট।