নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) নির্ঘণ্ট ঘোষণার আগেই বঙ্গে পরিবর্তনের সুর চড়াতে মরিয়া গেরুয়া শিবির। ১ মার্চ থেকে শুরু হওয়া বিজেপির মেগা কর্মসূচি ‘পরিবর্তন যাত্রা’ আজ, ১০ মার্চ তার অন্তিম লগ্নে পৌঁছেছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ— মোট ৯টি রুটে প্রায় ৫০০০ কিলোমিটার পথ অতিক্রম করে আজই কলকাতায় এসে পৌঁছবে এই বর্ণাঢ্য মিছিল। লক্ষ্য একটাই, আগামী ১৪ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সভার আগে জনমতকে নিজেদের পালে টেনে আনা।
৯টি যাত্রার অন্তিম গন্তব্য ও রথী-মহারথীরা:
আজকের শেষ দিনের কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে হেভিওয়েট নেতাদের সমাবেশ হতে চলেছে। দেখে নিন তালিকায় কারা কোথায় থাকছেন:
| রুট ও গন্তব্য | উপস্থিত হেভিওয়েট নেতৃবৃন্দ |
| শিলিগুড়ি (ফাঁসিদেওয়া): | অর্জুন মুন্ডা, রাজু বিস্তা, শঙ্কর ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় |
| মালদা (বৈষ্ণবনগর): | নিশীথ প্রামাণিক, খগেন মুর্মু, দিলীপ ঘোষ |
| নবদ্বীপ (চাকদহ): | কেশব প্রসাদ মৌর্য, জগন্নাথ সরকার, রাহুল সিনহা |
| উত্তর ২৪ পরগনা (হাবড়া): | অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, অর্জুন সিং |
| দক্ষিণ ২৪ পরগনা (কুলপি): | নায়াব সিং সাইনি, সজল ঘোষ, রিতেশ তিওয়ারি |
| হাওড়া-হুগলি (চন্দ্রকোনা): | বিজয় সিনহা, জ্যোতির্ময় সিং মাহাতো, দেবশ্রী চৌধুরী |
| মেদিনীপুর (ময়না): | মোহন মাজি (ওড়িশার মুখ্যমন্ত্রী), অগ্নিমিত্রা পাল, সৌমেন্দু অধিকারী |
| পুরুলিয়া (বরজোড়া): | শুভেন্দু অধিকারী, ড. সুভাষ সরকার |
| বর্ধমান (দুর্গাপুর পশ্চিম): | শমীক ভট্টাচার্য, সৌমিত্র খাঁ, ভারতী ঘোষ |
পুনরাবৃত্তি নাকি নতুন ইতিহাস?
২০২১ সালের ৭ মার্চ বিধানসভা ভোটের ঠিক আগে ব্রিগেডের ময়দান থেকে পরিবর্তনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। পাঁচ বছর পর ফের সেই একই প্রেক্ষাপটে আগামী ১৪ মার্চ ব্রিগেডে ফিরছেন তিনি। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের দাবি, এই পরিবর্তন যাত্রা বাংলার মানুষের মনে আত্মবিশ্বাস জুগিয়েছে। নীলবাড়ির লড়াইয়ের সুর বেঁধে দিতে ১৪ তারিখের গ্র্যান্ড ফিনালকেই পাখির চোখ করছে বিজেপি নেতৃত্ব।