নিউজ ডেস্ক: খাস কলকাতায় ‘অনার কিলিং’ বা সম্মান রক্ষার্থে খুনের হাড়হিম করা ঘটনা। নিজের বোনকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল দাদ। ধৃতের নাম সঞ্জিত শা। শুক্রবার রাতে নারকেলডাঙা এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেরায় ধৃত যুবক কবুল করেছে, বোনের একটি বিশেষ সম্পর্ক মেনে নিতে না পেরেই তাকে খুন করেছে সে।
ঘটনার সূত্রপাত গত জানুয়ারি মাসে। নারকেলডাঙার শিবতলা লেনের একটি বাড়িতে পুষ্প কুমারী নামে এক তরুণীকে তাঁর ঘরের খাটের ওপর অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে অস্বাভাবিক মৃত্যু মনে হলেও, ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট জানা যায় যে তরুণীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনার পর থেকেই বেপাত্তা ছিল পুষ্পর দাদা সঞ্জিত। তার মোবাইল ফোনও বন্ধ থাকায় পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়।
দীর্ঘদিন ফেরার থাকার পর শুক্রবার রাতে সঞ্জিত চুপিচুপি এলাকায় ফিরলে গোপন সূত্রে খবর পায় নারকেলডাঙা থানার পুলিশ। হাতেনাতে তাকে পাকড়াও করা হয়। জেরায় সঞ্জিত জানায়, বোনের প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারে অশান্তি চলছিল। রাগের মাথায় বোনকে গলা টিপে খুন করে সে মুম্বই পালিয়ে যায়। সেখানে শ্রমিকের কাজ করে গা ঢাকা দিয়ে থাকার পর বিহারে চলে যায়। পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে ভেবে কলকাতায় ফিরতেই পুলিশের জালে ধরা পড়ে সে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার নেপথ্যে পরিবারের অন্য কারও প্ররোচনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।