নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। আগামী ২৭ মার্চ, শুক্রবারের মধ্যে রাজ্যের সমস্ত লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র নিকটবর্তী থানায় জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক (DM), পুলিশ সুপার (SP) এবং কলকাতার পুলিশ কমিশনারকে (CP) এই মর্মে কড়া নির্দেশিকা পাঠানো হয়েছে।
কমিশন সূত্রে খবর, ভোটের সময় রাজনৈতিক হিংসা রুখতে এবং ভোটারদের ভয় দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা আটকাতেই প্রতিবার নির্বাচনের আগে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়। আগ্নেয়াস্ত্রের অপব্যবহার রুখতে এই প্রক্রিয়া অত্যন্ত জরুরি বলে মনে করছে কমিশন। ইতিমধ্যেই এই নির্দেশিকা কার্যকর করতে তৎপর হয়েছে প্রশাসন।
নির্বাচন কমিশনের এই নির্দেশের পরই সোমবার বিকেলে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা শহরের সমস্ত ডেপুটি কমিশনারদের (DC) নিয়ে বৈঠক করেন। তিনি নির্দেশ দিয়েছেন, কলকাতা পুলিশ এলাকায় আগামী ২৬ মার্চের মধ্যেই লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র জমা নেওয়ার কাজ সম্পূর্ণ করতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে অস্ত্র জমা না দিলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।