নিউজ ডেস্ক: রোদ-ঝলমলে সোমবার দেখে যাঁরা ভেবেছিলেন দুর্যোগ কেটে গিয়েছে, তাঁদের জন্য দুঃসংবাদ শোনাল আলিপুর আবহাওয়া দফতর। চৈত্র মাস পড়লেও পিছু ছাড়ছে না অকাল বৃষ্টি। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া ফলায় বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে, যার জেরে চলতি সপ্তাহের শেষে ফের ঝড়-বৃষ্টির দাপট বাড়বে। আজ, মঙ্গলবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় জারি করা হয়েছে ‘কমলা সতর্কতা’।
আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আজ থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট বাড়বে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। উত্তর-পশ্চিম প্রান্তে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা আরও শক্তিশালী হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও সপ্তাহের শেষে দুর্যোগের ভ্রুকুটি রয়েছে। শুক্রবার থেকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকায় ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে।
কলকাতাতেও শুক্রবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি ও ঘণ্টায় ৫০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। শনি ও রবিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে বৃষ্টির মধ্যেও এবার বাড়বে পারদ। আবহবিদদের মতে, এই সপ্তাহে তাপমাত্রা একধাক্কায় ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ বৃষ্টির স্বস্তির সঙ্গেই অনুভূত হবে চৈত্রের আর্দ্রতাজনিত অস্বস্তিও।