নিউজ ডেস্ক: টলিউডে সিনেমা তৈরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। আর সেই টাকা ফেরত না পেয়ে প্রযোজককে অপহরণ ও মারধরের অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করল কসবা থানার পুলিশ। ধৃতদের নাম আকাশ গুপ্তা ও অজয় পাল। পুলিশের প্রাথমিক অনুমান, প্রায় ৮৮ লক্ষ টাকার লেনদেন এবং সেই অর্থ ফেরত না পাওয়াকে কেন্দ্র করেই এই চরম সংঘাতের সূত্রপাত।
পুলিশ সূত্রে খবর, কসবা এলাকার বাসিন্দা ওই দুই ব্যবসায়ী বিনোদনের দুনিয়ায় লগ্নি করতে আগ্রহী ছিলেন। সেই সূত্রেই অভিযোগকারী প্রযোজকের সঙ্গে তাঁদের আলাপ হয়। নিজেকে টলিউডের সফল ব্যক্তিত্ব হিসেবে পরিচয় দিয়ে এবং একাধিক হিট ছবির উদাহরণ টেনে তিনি ওই ব্যবসায়ীদের আশ্বস্ত করেন। তাঁর কথায় ভরসা করে আকাশ ও অজয় ধাপে ধাপে প্রায় ৮৮ লক্ষ টাকা ওই প্রযোজকের হাতে তুলে দেন। কিন্তু মাস ছয়েক কেটে গেলেও ছবির কাজ শুরু না হওয়ায় সন্দেহ দানা বাঁধে ব্যবসায়ীদের মনে। ছবি কেন মুক্তি পাচ্ছে না, তা নিয়ে বারবার প্রশ্ন করা হলে প্রযোজক ‘যান্ত্রিক সমস্যা’র অজুহাত দিয়ে এড়িয়ে যান বলে অভিযোগ।
দীর্ঘদিন অপেক্ষার পর টাকা ফেরত পাওয়ার কোনও আশা না দেখে গত শুক্রবার ওই প্রযোজককে কসবার একটি শপিং মলের সামনে দেখা করতে বলেন আকাশ ও অজয়। অভিযোগ, সেখান থেকেই তাঁকে জোর করে একটি গাড়িতে তুলে খেয়াদহ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে গাড়িতে আটকে রেখে তাঁকে মারধর করা হয় এবং জোর করে টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও পুলিশের কাছে দাবি করেছেন ওই প্রযোজক। কোনওক্রমে তাঁদের হাত থেকে পালিয়ে এসে কসবা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই অপহরণের মামলা রুজু করে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার নেপথ্যে প্রকৃতই কোনও জালিয়াতি ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।