নিউজ ডেস্ক: সাতসকালে জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলল চলন্ত লরি। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেল গোটা ট্রাকটি। শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের দ্বারিকাপুর এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লরিটি হলদিয়া থেকে খড়্গপুরের অভিমুখে যাচ্ছিল। দ্বারিকাপুর এলাকা পার করার সময় আচমকাই লরিটির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। লরিটিকে রাস্তার ধারে দাঁড় করিয়ে চালক ও খালাসি কোনওরকমে প্রাণ বাঁচান। খবর দেওয়া হয় ডেবরা থানায় এবং দমকল দপ্তরে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। তবে দমকল বাহিনী আসার আগেই আগুনের তীব্রতায় লরিটি কার্যত কঙ্কালে পরিণত হয়। বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডের জেরে জাতীয় সড়কের ওই লেনে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। দমকল ও তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ট্রাকের ইঞ্জিনের অভ্যন্তরীণ শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি ঘটেছে। যান্ত্রিক ত্রুটির সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।