নিউজ ডেস্ক: রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এগিয়ে আসতেই নিরাপত্তা ও নজরদারিতে কোনও ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন। আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যের একগুচ্ছ আসনে প্রথম দফার ভোটগ্রহণ। তার ঠিক দু’দিন আগে থেকেই মোটর বাইক ব্যবহারের ওপর একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করল কমিশন। মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই নির্দেশিকা কার্যকর হতে শুরু করেছে।
কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ভোটের দু’দিন আগে থেকে ভোটের দিন পর্যন্ত কোনও ধরনের বাইক র্যালি বা মোটরসাইকেল মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বাইক চালানোয় নিষেধাজ্ঞা থাকছে। তবে চিকিৎসার প্রয়োজন বা বিশেষ পারিবারিক অনুষ্ঠানের ক্ষেত্রে এই নিয়মে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। দিনের বেলা অর্থাৎ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইকের পিছনে কোনও আরোহী বসানো যাবে না। যদিও স্কুলপড়ুয়াদের যাতায়াত এবং জরুরি পরিষেবায় নিয়োজিতদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল থাকবে। ভোটের দিন পরিবারের সদস্যদের নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার অনুমতি দিলেও, অন্য কোনও অছিলায় বাইকে যাতায়াত করা যাবে না।
নিরাপত্তার খাতিরে শুধু বাইক নয়, মদের দোকান বন্ধের ক্ষেত্রেও নজিরবিহীন কড়াকড়ি দেখাচ্ছে কমিশন। সাধারণত ভোটের ৪৮ ঘণ্টা আগে শুষ্ক দিন (Dry Day) ঘোষণা করা হলেও, এবার প্রথম দফার ৯৬ ঘণ্টা আগে থেকেই মদের দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি দ্বিতীয় দফার ক্ষেত্রেও আট দিন আগে থেকেই এই নির্দেশ বলবৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতেই প্রশাসনের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।