নিউজ ডেস্ক: কলকাতার এক প্রথিতযশা হৃদরোগ বিশেষজ্ঞ তথা বিভাগীয় প্রধানকে ১০ লক্ষ টাকা তোলা চেয়ে খুনের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ‘৫০০ টাকার নোটে পেমেন্ট করতে হবে, না হলে পরিবারের সদস্যদের একে একে গুলি করে মারা হবে’— স্পিড পোস্টে পাঠানো এমনই এক রক্তহিম করা চিঠিতে রীতিমতো আতঙ্কিত চিকিৎসক উত্তমকুমার সাহা। পঞ্চসায়র থানা এলাকার ওই চিকিৎসকের কাছে আসা হুমকি চিঠিতে পুলিশকে জানালে ‘বিপদ বাড়বে’ বলেও সতর্ক করেছে দুষ্কৃতী দলটি।
‘সাইলেন্ট কিলার’-দের হুমকি চিঠি: বুধবার পূর্ব যাদবপুরের ক্লিনিকে থাকাকালীন স্পিড পোস্ট মারফত এই চিঠিটি পান চিকিৎসক উত্তমকুমার সাহা। অত্যন্ত কাঁচা ইংরেজিতে টাইপ করা ওই চিঠিতে দুষ্কৃতীরা নিজেদের ‘গেরিলা যুদ্ধে প্রশিক্ষিত’ এবং ‘অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রে সুসজ্জিত’ বলে দাবি করেছে। চিঠিতে বলা হয়েছে, সামনে বিধানসভা ভোট থাকায় পুলিশ প্রশাসন ব্যস্ত, তাই তাঁদের জানিয়ে বিশেষ লাভ হবে না। এমনকি চিকিৎসককে বিদ্রূপ করে জানানো হয়েছে, প্রাণ বাঁচাতে বাউন্সার মোতায়েন করলে প্রতি মাসে যে বিপুল খরচ হবে, তার চেয়ে এককালীন ১০ লক্ষ টাকা দিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ।
সায়েন্স সিটির সামনে টাকা দেওয়ার নির্দেশ: হুমকি চিঠিতে স্পষ্ট করে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ সায়েন্স সিটির ১ নম্বর গেটের সামনে কালো রঙের স্কুল ব্যাগে করে ওই টাকা নিয়ে আসতে হবে। টাকা না দিলে পরিবারের সদস্যদের ওপর ‘সাইলেন্ট কিলার’ লেলিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে রীতিমতো নিরাপত্তার অভাব বোধ করছেন চিকিৎসক ও তাঁর পরিবারের সদস্যরা। উত্তমবাবু ইতিমধ্যেই পুরো বিষয়টি কলকাতার পূর্ব যাদবপুর থানাকে জানিয়েছেন।
তদন্তে লালবাজার: চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। এ বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান সোমা দাস মিত্রর প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে সায়েন্স সিটি সংলগ্ন এলাকা এবং স্পিড পোস্টটি যেখান থেকে পাঠানো হয়েছে, সেই পোস্ট অফিসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন গোয়েন্দারা। কলকাতার চিকিৎসকদের একটি বড় অংশ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।