নিউজ ডেস্ক: আসন্ন নির্বাচনে ভোটারদের ভিড় সামলাতে এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে বিশেষ উদ্যোগ নিল নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রায় ১০০টি অস্থায়ী বুথ তৈরির কাজ শুরু হয়েছে। মূলত কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও নির্দিষ্ট বুথে ১২০০-র বেশি ভোটার রাখা যাবে না। সেই নির্দেশিকা পালন করতে গিয়েই যেখানে স্থায়ী ভবনের অভাব রয়েছে, সেখানে বিকল্প হিসেবে অস্থায়ী পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলায় বর্তমানে ৮,৮৭৪টি স্থায়ী বুথ রয়েছে। তবে ভোটার সংখ্যা বৃদ্ধির কারণে এ বার আরও প্রায় ৪০০টি অতিরিক্ত বুথের প্রয়োজন পড়েছে। গ্রামীণ এলাকায় স্কুল, আইসিডিএস ভবন বা সরকারি পরিকাঠামোর অভাব না থাকলেও, কলকাতা সংলগ্ন শহরাঞ্চলগুলিতে স্থানাভাব একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। টালিগঞ্জ, কসবা, যাদবপুর এবং বেহালা পূর্ব ও পশ্চিমের মতো ঘিঞ্জি বিধানসভা কেন্দ্রগুলিতে একটি স্কুলেই একাধিক বুথ করার পর আর জায়গা মিলছে না। এমতাবস্থায় সংশ্লিষ্ট স্কুলের মাঠেই বাঁশের কাঠামো এবং টিনের দেওয়াল দিয়ে অস্থায়ী বুথ বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই বেহালা পশ্চিমের শ্যামসুন্দরপল্লি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এবং বেহালা পূর্বের সরলতা দেবী অবৈতনিক প্রাথমিক স্কুলে এই ধরণের বুথ তৈরির কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে। কমিশন জানিয়েছে, প্রতিটি অস্থায়ী বুথ নির্দিষ্ট মাপ মেনেই তৈরি করতে হবে এবং সেখানে আলো, পাখা ও বিদ্যুৎ সংযোগের মতো নূন্যতম সব সুবিধা থাকবে। তবে এখনই ফ্যান বা বাল্ব লাগানো হচ্ছে না। প্রশাসনিক আধিকারিকদের মতে, বর্তমানে চুরির ভয় যেমন রয়েছে, তেমনই কালবৈশাখীর মরশুমে ঝড়বৃষ্টিতে বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষতি হতে পারে। তাই ভোটের ঠিক তিন-চার দিন আগে চূড়ান্ত পরিকাঠামো প্রস্তুত করা হবে। আপাতত বুথের মূল কাঠামো তৈরি করে প্রস্তুত রাখা হচ্ছে।