নিউজ ডেস্ক: নতুন বাড়িতে প্রবেশের খুশির আমেজ নিমেষেই বদলে গেল হাহাকারে। গৃহপ্রবেশের শুভ কাজের জন্য গঙ্গার জল ও মাটি আনতে গিয়ে গঙ্গায় তলিয়ে মৃত্যু হলো দুই বোনের। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার বারাকপুরের মঙ্গল পাণ্ডে ঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত দুই তরুণীর নাম আঁচল ঠাকুর (২০) ও কোমল ঠাকুর (১৮)। তাঁরা বারাকপুরের রবীন্দ্রপল্লির বাসিন্দা।
পরিবার সূত্রে খবর, আজ শুক্রবার রবীন্দ্রপল্লিতে ঠাকুর পরিবারের নতুন তৈরি করা বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেই মঙ্গল কাজের জন্য বৃহস্পতিবার সকালে সপরিবারে মঙ্গল পাণ্ডে ঘাটে এসেছিলেন তাঁরা। গঙ্গার মাটি ও জল তোলার জন্য দুই বোন একসঙ্গে নদীতে নামেন। পরিবারের বাকি সদস্যরা ঘাটে বসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাটি তোলার জন্য গঙ্গায় ডুব দিতেই প্রবল স্রোতে ভেসে যান দুজনেই। চোখের সামনে পরিজনদের তলিয়ে যেতে দেখে চিৎকার শুরু করেন পরিবারের অন্য সদস্যরা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। দীর্ঘক্ষণ তল্লাশির পর বেলার দিকে অন্নপূর্ণা মন্দিরের কাছে রাসমণি ঘাট থেকে কোমল ঠাকুরের নিথর দেহ উদ্ধার করা হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত বড় বোন আঁচলের কোনো হদিস পাওয়া যায়নি। বিপর্যয় মোকাবিলা বাহিনীর স্পিডবোট নিয়ে গঙ্গায় ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।
গৃহপ্রবেশের আগে ঘরের মেয়েদের এমন করুণ পরিণতিতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। শুক্রবারের নির্ধারিত শুভ অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।