নিউজ ডেস্ক: গতির বলি আরও এক তরতাজা প্রাণ। মঙ্গলবার রাতে ঠাকুরপুকুর থানা এলাকার বাখরাহাট রোডে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২৬ বছর বয়সী এক বাইকচালকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রোহিত শিকারি। তিনি বেহালার কবিগুরু সরণির বাসিন্দা ছিলেন। হেলমেট মাথায় থাকা সত্ত্বেও লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের অভিঘাত এতটাই প্রবল ছিল যে, শেষরক্ষা করা সম্ভব হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাখরাহাট রোড ধরে যাওয়ার সময় উল্টোদিক থেকে আসা একটি বেপরোয়া লরির সঙ্গে রোহিতের বাইকটির সরাসরি সংঘর্ষ হয়। সজোরে ধাক্কা লাগার ফলে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছনোর পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হেলমেট থাকলেও সংঘর্ষের জেরে মাথায় গুরুতর অভ্যন্তরীণ চোট লেগেছিল তাঁর।
দুর্ঘটনার খবর পেয়েই রাতেই ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুরপুকুর থানা এবং ট্রাফিক গার্ডের পদস্থ আধিকারিকরা। ঘটনার পরেই ঘাতক লরিটি এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় তা সম্ভব হয়নি। পুলিশ এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে লরিটিকে চিহ্নিত করে এবং রাতেই সেটিকে আটক করা হয়। গ্রেপ্তার করা হয়েছে লরির চালককেও। ট্রাফিক পুলিশের প্রাথমিক ধারণা, লরিটির গতিবেগ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ।