নিউজ ডেস্ক: গরমের ছুটি এবং লোকসভা নির্বাচনের আবহে যাত্রী সাধারণের অতিরিক্ত ভিড় সামাল দিতে বড়সড় পদক্ষেপ করল পূর্ব রেল। হাওড়া ও শিয়ালদহ— উভয় ডিভিশনেই আগামী ২০ এপ্রিল, সোমবার থেকে ৩০ এপ্রিল, বৃহস্পতিবার পর্যন্ত একগুচ্ছ স্পেশ্যাল ইএমইউ (EMU) লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রী সুবিধার্থে প্রতিটি ট্রেনই সংশ্লিষ্ট রুটের সমস্ত স্টেশনে দাঁড়াবে এবং প্রতিটি ট্রেনে ১২টি করে কামরা থাকবে।
শিয়ালদহ ডিভিশনে মূলত নামখানা ও ডায়মন্ড হারবার শাখায় এই অতিরিক্ত পরিষেবা মিলবে। রেলের সময়সূচী অনুযায়ী, শিয়ালদহ-নামখানা-সোনারপুর স্পেশ্যাল ট্রেনটি সকাল ৬টা ১৫ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে নামখানা পৌঁছবে ৮টা ৪৫ মিনিটে। আবার নামখানা থেকে সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে বেলা ১১টা ৩ মিনিটে সোনারপুর পৌঁছবে ট্রেনটি। অন্য দিকে, সোনারপুর-ডায়মন্ড হারবার-শিয়ালদহ স্পেশ্যাল ট্রেনটি বেলা ১১টা ১৭ মিনিটে সোনারপুর থেকে যাত্রা শুরু করবে। দুপুর ১২টা ২৯ মিনিটে ডায়মন্ড হারবার পৌঁছে ১২টা ৩৮ মিনিটে ফের সেটি যাত্রা শুরু করবে এবং দুপুর ২টো ২৩ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া এবং কাটোয়া-বর্ধমান শাখাতেও স্পেশ্যাল ইএমইউ চলাচল করবে। ব্যান্ডেল থেকে সকাল ৭টা ৪৫ মিনিটে ট্রেন ছেড়ে সকাল ১০টায় কাটোয়া পৌঁছবে। ফিরতি পথে দুপুর ১টা ৪৫ মিনিটে কাটোয়া থেকে ছেড়ে বিকেল ৪টেয় ব্যান্ডেল পৌঁছবে ট্রেনটি। কাটোয়া-বর্ধমান লাইনেও মিলবে বিশেষ পরিষেবা। এই স্পেশ্যাল ট্রেনটি সকাল ১০টা ১৫ মিনিটে কাটোয়া থেকে ছেড়ে বেলা ১১টা ৪৫ মিনিটে বর্ধমান পৌঁছবে। আবার বর্ধমান থেকে দুপুর ১২টায় ছেড়ে দুপুর ১টা ২৫ মিনিটে পুনরায় কাটোয়া ফিরে আসবে।
উল্লেখ্য, দিন কয়েক আগেই ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ রুটে একটি বিশেষ ইএমইউ পরিষেবা চালু করেছে রেল। সেই ট্রেনটি সকাল ১০টা ১০ মিনিটে ব্যান্ডেল থেকে ছেড়ে দুপুর ২টো ১০ মিনিটে আজিমগঞ্জে পৌঁছচ্ছে এবং বিকেল ২টো ৪০ মিনিটে আজিমগঞ্জ থেকে ছেড়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ব্যান্ডেল ফিরছে। এই সমস্ত স্পেশ্যাল ট্রেনগুলি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত নিয়মিত চলাচল করবে বলে জানানো হয়েছে।