নিউজ ডেস্ক: রাজ্যপাল এবং লোক ভবনের উচ্চপদস্থ আধিকারিকের ভুয়ো পরিচয় দিয়ে বিশিষ্ট ব্যক্তিত্ব ও সরকারি অফিসারদের ফোন করে প্রতারণার চেষ্টার অভিযোগ সামনে এল। এই চাঞ্চল্যকর ঘটনার জেরে খোদ লোক ভবনের পক্ষ থেকে একটি জরুরি সতর্কবার্তা ও প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে এই বিষয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে লোক ভবন কর্তৃপক্ষ।
শুক্রবার প্রকাশিত ওই সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ৯৮৩৬৫৪০১৬৩ নম্বরটি ব্যবহার করে এক ব্যক্তি নিজেকে রাজ্যপাল কিংবা লোক ভবনের পদস্থ আধিকারিক হিসেবে পরিচয় দিচ্ছেন। ওই নম্বর থেকে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তি, উচ্চপদস্থ সরকারি আধিকারিক এবং সাধারণ মানুষকে ফোন করা হচ্ছে। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। লোক ভবনের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই একটি নির্দিষ্ট মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এই জালিয়াতি চক্রের পিছনে কে বা কারা রয়েছে, তা জানতে ফোন নম্বরটির কল ডিটেইলস ও টাওয়ার লোকেশন খতিয়ে দেখছেন সাইবার গোয়েন্দারা।
লোক ভবনের তরফে আপামর জনসাধারণের উদ্দেশ্যে জানানো হয়েছে, রাজ্যপাল বা লোক ভবনের নাম করে যদি কোনও ফোন বা সন্দেহজনক বার্তা (মেসেজ) আসে, তবে তার সত্যতা পুঙ্খানুপুঙ্খ যাচাই না করে কেউ যেন কোনও পদক্ষেপ না নেন বা কোনও তথ্য আদানপ্রদান না করেন।
প্রতারণার এই জাল রুখতে প্রশাসনের তরফে দুটি হেল্পলাইন নম্বর ও ইমেল আইডি প্রকাশ করা হয়েছে। এই ধরনের কোনও সন্দেহজনক ফোন বা প্রতারণা সংক্রান্ত তথ্য কারও কাছে থাকলে, তা অবিলম্বে ০৩৩ ২২০০ ১৬৪১ অথবা ০৩৩ ২২০০ ১৬৪৪ নম্বরে কল করে জানাতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া generalcellgs@gmail.com এই ইমেল আইডিতেও লিখিতভাবে তথ্য ও অভিযোগ পাঠানো যাবে বলে লোক ভবনের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।