নিউজ ডেস্ক: রাজ্য সরকারের কোনো দপ্তর থেকে ফাইল বা গুরুত্বপূর্ণ নথি নিখোঁজ হলে তার দায়ভার নিতে হবে সংশ্লিষ্ট দপ্তরের সচিব ও শীর্ষ আধিকারিকদের। সোমবার একটি লিখিত নির্দেশিকা জারি করে এই কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়াল। প্রশাসনিক মহলে এই নির্দেশিকাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
মুখ্যসচিবের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, প্রতিটি দপ্তরের সচিব ও বিভাগীয় কর্তাদের ব্যক্তিগতভাবে নিশ্চিত করতে হবে যেন কোনো গুরুত্বপূর্ণ নথি নষ্ট বা সরানো না হয়। এমনকি অফিস থেকে কোনো ফাইল বাইরে বের করে নিয়ে যাওয়া বা গোপনে নথি স্ক্যানিং ও কপি করা হচ্ছে কি না, সেদিকেও কড়া নজর রাখতে বলা হয়েছে। নথিপত্রের সুরক্ষায় কোনো গাফিলতি হলে বিভাগীয় সচিবরা সরাসরি দায়বদ্ধ থাকবেন।
এদিকে এই নির্দেশিকার পরই নবান্নের অন্দরে গুঞ্জন শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যে ক্ষমতার পালাবদলের আবহে বিদায়ী সরকারের আমলে কোনো গুরুত্বপূর্ণ ফাইল গায়েব করে দেওয়ার আশঙ্কা থেকেই কি এই সতর্কতামূলক পদক্ষেপ? বিশেষ করে সোমবার সকাল থেকেই নবান্নের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। নবান্নে ঢোকা এবং বেরোনোর প্রতিটি গেটে কড়া তল্লাশি চালানো হচ্ছে। নবান্ন থেকে কেউ বেরোনোর সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁদের ব্যাগ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করছেন।
নথি যাতে কোনোভাবেই বাইরে না যায়, তা নিশ্চিত করতেই এই নজিরবিহীন কড়াকড়ি বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক ভবনে এই ধরনের নজরদারি ও কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা সাম্প্রতিককালে দেখা যায়নি। সব মিলিয়ে ফাইল সুরক্ষা ও নবান্নের নিরাপত্তা নিয়ে বর্তমানে টানটান উত্তেজনা তুঙ্গে।