নিউজ ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দামামা এখনও বাজেনি, কিন্তু তার আগেই বাংলায় উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে রাজ্যজুড়ে যখন ভোটার তালিকা যাচাই বা এসআইআর (SIR) প্রক্রিয়া চলছে, ঠিক সেই আবহে আসানসোলের রানিগঞ্জে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হলো গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড। বুধবার সন্ধ্যায় রানিগঞ্জ শহরের চিনকুটি মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। উদ্ধার হওয়া কার্ডগুলি আসল না কি ভুয়ো, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় ডাস্টবিনের জঞ্জালের মধ্যে প্রচুর ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবরটি চাউর হতেই এলাকায় ভিড় জমে যায়। চাঞ্চল্যকর বিষয় হলো, উদ্ধার হওয়া ওই স্তূপের মধ্যে নিজের কার্ড খুঁজে পান স্থানীয় এক যুবক। অথচ ওই যুবকের দাবি, তাঁর আসল ভোটার কার্ডটি বাড়িতেই সুরক্ষিত রয়েছে। তিনি কাউকে নিজের কার্ড ব্যবহারের অনুমতিও দেননি। ফলে প্রশ্ন উঠছে, তবে কি উদ্ধার হওয়া কার্ডগুলি জাল? নাকি অন্য কোনও অসাধু উদ্দেশ্যে এগুলি তৈরি করা হয়েছিল?
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রানিগঞ্জ থানার পুলিশ। জঞ্জাল থেকে সমস্ত কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। প্রাক্তন কাউন্সিলর আরিশ জালালের মতে, এসআইআর চলাকালীন প্রশাসনের এই ধরণের গাফিলতি মেনে নেওয়া যায় না। এর আগে সল্টলেক বা কল্যাণী হাইওয়ের ধারেও একই ভাবে ভোটার কার্ড উদ্ধারের ঘটনা ঘটেছিল। তবে ভোটের আগে শিল্পাঞ্চলে এই ঘটনা ভোটারদের নিরাপত্তা ও তথ্য সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।