নিউজ ডেস্ক: আনন্দ-উৎসবে মেতেছিলেন সকলে। আত্মীয়-পরিজনের বিয়েতে যোগ দিয়ে রসিয়ে ভুরিভোজও চলছিল। কিন্তু সেই আনন্দের মুহূর্ত নিমেষেই বিষাদে পরিণত হলো এক অঘটন। বিয়ের আসরে রসগোল্লা খেতে গিয়ে সেটি গলায় আটকে মৃত্যু হলো এক ব্যক্তির। শুক্রবার রাতে ঝাড়খণ্ডের জামশেদপুরের বেলাজুড়ি পঞ্চায়েত এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম ললিত সিং (৪১), তিনি মালিয়ান্তা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে নিমন্ত্রিত হিসেবে বিয়েবাড়িতে গিয়েছিলেন ললিতবাবু। সেখানে খাওয়া-দাওয়ার শেষ পর্বে পাতে রসগোল্লা পড়তেই ঘটে বিপত্তি। ললিত মুখে রসগোল্লা তোলা মাত্রই সেটি তাঁর শ্বাসনালিতে আটকে যায়। সঙ্গে সঙ্গে তাঁর প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। পাশেই থাকা আমন্ত্রিতরা বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি তাঁর গলা থেকে রসগোল্লাটি বের করার চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। ললিতের অবস্থা আশঙ্কাজনক দেখে পরিবারের লোকজন তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, রসগোল্লাটি ললিতের শ্বাসনালি সম্পূর্ণ অবরুদ্ধ করে দিয়েছিল। এর ফলে শরীরে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় (Asphyxiation) এবং হৃদযন্ত্র বিকল হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান চিকিৎসকদের। এই অনভিপ্রেত ঘটনায় বিয়েবাড়িতে শোরগোল পড়ে যায়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর ললিতের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। উৎসবের আবহে এই আকস্মিক মৃত্যুতে গোটা মালিয়ান্তা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।