নিউজ ডেস্ক: খড়্গপুর আইআইটি-র মুকুটে নয়া পালক। ক্যাম্পাসের সীমানা ছাড়িয়ে এবার বিশ্বমঞ্চে নিজের মেধার স্বাক্ষর রাখলেন প্রতিষ্ঠানের ছাত্র অর্চিষ্মান নন্দী। ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ’-এ অংশ নিয়ে বিশ্বের প্রথম সারির সফল প্রতিযোগীদের মধ্যে অর্থাৎ প্রথম এক শতাংশের (Top 1%) তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। অর্চিষ্মানের এই সাফল্যে গর্বিত আইআইটি কর্তৃপক্ষও। খড়্গপুর আইআইটি-র ডিরেক্টর সুমন চক্রবর্তী তরুণ এই মেধাবীকে সংবর্ধনা জানানোর পাশাপাশি তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
খড়্গপুর শহরের বারবেটিয়ার বাসিন্দা অর্চিষ্মান ছোটবেলা থেকেই অদম্য মেধাবী। স্কুলজীবনেই তাঁর সাফল্যের খতিয়ান নজরকাড়া— আইসিএসই (ICSE) দশম শ্রেণির পরীক্ষায় সারা দেশে পঞ্চম এবং সিবিএসই (CBSE) দ্বাদশ শ্রেণিতে দশম স্থান অধিকার করেছিলেন তিনি। এরপর জেইই মেনস-এ (JEE Main) ১০০ পার্সেন্টাইল এবং অ্যাডভান্সে ৪৭৭ র্যাঙ্ক করে খড়্গপুর আইআইটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা শুরু করেন। বর্তমানে তিনি বিটেক দ্বিতীয় সেমেস্টারের পড়ুয়া।
অর্চিষ্মান জানান, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ঠিক পরেই তিনি এই আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। মোট তিনটি কঠিন ধাপ পেরিয়ে বিশ্বের তাবড় প্রতিযোগীদের পিছনে ফেলে সেরাদের তালিকায় নিজের নাম তুলে ধরেন তিনি। ছেলের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত বাবা মিঠুন নন্দী ও মা অনিন্দিতা মাইতি নন্দী। মা অনিন্দিতাদেবী বলেন, “আইআইটি-র ডিরেক্টর নিজে ডেকে প্রশংসা করেছেন, এটা আমাদের কাছে বিশাল প্রাপ্তি।” অন্যদিকে অর্চিষ্মানের কথায়, “বিশ্বের সেরা গণিতজ্ঞদের মাঝে নিজের জায়গা করে নিতে পেরে ভালো লাগছে।” খড়্গপুরের এই ভূমিপুত্রের বিশ্বজয় এখন জেলা জুড়ে চর্চার কেন্দ্রবিন্দু।