নিউজ ডেস্ক: প্রথম দফার ভোটের ঠিক চব্বিশ ঘণ্টা আগে বড়সড় স্বস্তি পেলেন বহু ভোটার। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ মেনে বুধবার ভোররাতে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ বা যান্ত্রিক ত্রুটির কারণে যাঁদের নাম মূল তালিকা থেকে বাদ পড়েছিল, তাঁদের মধ্যে কারা বৃহস্পতিবার অর্থাৎ ২৩ এপ্রিল ভোট দিতে পারবেন, তা এই তালিকা থেকেই পরিষ্কার হয়ে যাবে।
কমিশনের সরকারি ওয়েবসাইট (ceowestbengal.wb.gov.in)-এ ‘অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নং ১’ শীর্ষক এই তালিকাটি আপলোড করা হয়েছে। ভোটাররা এখন নিজেদের এপিক (EPIC) নম্বরের মাধ্যমে যাচাই করে নিতে পারবেন যে তাঁদের নাম শেষমেশ তালিকায় ফিরল কি না। একই সঙ্গে ট্রাইব্যুনালের পর্যালোচনার পরেও যাঁদের আবেদন নাকচ হয়েছে, তাঁদের নামের তালিকাও পৃথকভাবে প্রকাশ করেছে কমিশন। তবে ঠিক কতজনের নাম নতুন করে অন্তর্ভুক্ত হলো বা কতজনের আবেদন খারিজ হলো, সেই পরিসংখ্যান এখনও স্পষ্ট করেনি নির্বাচন সদন।
কমিশন সূত্রে খবর, বুধবার বিকেলের মধ্যেই পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হবে এবং রাজনৈতিক দলগুলির হাতেও এই সংশোধিত তালিকা তুলে দেওয়া হবে। উল্লেখ্য, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে বিগত কয়েকদিন ধরেই আইনি টানাপড়েন চলছিল। শীর্ষ আদালতের হস্তক্ষেপে শেষ মুহূর্তে এই তালিকা প্রকাশ পাওয়ায় কয়েক লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। যে সব বুথে কোনো আবেদনকারীর নাম মঞ্জুর হয়নি, সেখানে অবশ্য কোনো নতুন তালিকা নেই বলে ওয়েবসাইট মারফত জানা গিয়েছে।