নিউজ ডেস্ক: প্রথম দফার ১৫২টি আসনে ‘নির্ঝঞ্ঝাট’ ভোট মিটলেও, বুধবার দ্বিতীয় দফার পরীক্ষা কমিশনের কাছে আরও বড় চ্যালেঞ্জ। আগামিকাল রাজ্যের সাত জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ। কমবেশি প্রতিটি কেন্দ্রই হাইভোল্টেজ। এই আবহে ভোটারদের নির্ভয়ে বুথমুখী করতে এবং কোনও প্রকার অশান্তি বা হুমকির মোকাবিলা করতে মঙ্গলবার বিশেষ হেল্পলাইন নম্বর প্রকাশ করল নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী।
কমিশনের টোল-ফ্রি নম্বর: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, ভোটের দিন কোনও অভিযোগ জানানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি টোল-ফ্রি নম্বর চালু করা হয়েছে। নম্বরটি হলো— ১৮০০৩৪৫০০৮। ভোটাররা যদি কোথাও হুমকির মুখে পড়েন বা কোনও বেআইনি কাজ হতে দেখেন, তবে তৎক্ষণাৎ এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। সিইও-র আশ্বাস, অভিযোগ পাওয়ামাত্রই সংশ্লিষ্ট এলাকায় দ্রুত ফোর্স পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় বাহিনীর হেল্পলাইন: অন্যদিকে, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে ওয়েস্টবেঙ্গল সেক্টর ও রাজ্য ফোর্স কো-অর্ডিনেটর তথা সিআরপিএফ-এর আইজি (IG) বিশেষ হেল্পলাইন নম্বর প্রকাশ করেছেন। কোনও বুথে গোলমাল বা নিরাপত্তা সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে সরাসরি কেন্দ্রীয় বাহিনীর এই নম্বরগুলিতে যোগাযোগ করা যাবে।
-
মোবাইল নম্বর: ৮৪২০২৭২১০১ এবং ৮৪২০২৭২৩৪৩
-
ল্যান্ডলাইন নম্বর: ০৩৩২৩৬৭১১১৭
ভুয়ো ভোটার রুখতে ‘ধনধান্য’ বৈঠক: নিরাপত্তা সুনিশ্চিত করতে রবিবার আলিপুরের ‘ধনধান্য’ অডিটোরিয়ামে এক ম্যারাথন বৈঠক সারেন নির্বাচনী আধিকারিক, পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর কর্তারা। সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, বুথে ভুয়ো ভোটার রুখতে চরম সতর্ক থাকতে হবে। যে সমস্ত জায়গায় ‘ক্লোজ মনিটরিং’ বা বিশেষ নজরদারির প্রয়োজন, তা-ও করা হবে। প্রথম দফার ভোট (২৩ এপ্রিল) মোটের ওপর সফল হওয়ায় সেই একই মডেলে বুধবারের মহাযুদ্ধ বৈতরণী পার করতে চাইছে কমিশন। ভোটারদের ভয় দেখানো বা কোনও বেআইনি কাজ হলে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তাই এখন লালবাজার থেকে জেলা প্রশাসনের অন্দরে।