নিউজ ডেস্ক: সাইকেলের দু’পাশে ঝুলছে দুটো চটের ব্যাগ। একটিতে দেশি মদের বোতল আর অন্যটিতে জল ও কাচের গ্লাস! অভিনব এই কৌশলে গ্রামে গ্রামে ঘুরে অবৈধভাবে মদ বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম মানিক চন্দ। তিনি ময়নাগুড়ি ব্লকের বাগজান এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি নিজের অপরাধের কথা স্বীকার করেছেন বলে খবর পুলিশ সূত্রে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় সাইকেলে চেপে ঘুরতেন মানিক। কোনো ক্রেতা চাইলে রাস্তাতেই গ্লাসে ঢেলে মদ বিক্রি করতেন তিনি। প্রতি গ্লাস মদের দাম নেওয়া হতো ২৫ টাকা। আবার কেউ আস্ত বোতল কিনতে চাইলে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ৫০ টাকা আদায় করতেন তিনি। গোপন সূত্রে এই ‘চলন্ত বার’-এর খবর পেয়েই অভিযান চালায় ময়নাগুড়ি থানার পুলিশ। হাতেনাতে গ্রেপ্তার করা হয় মানিককে।
অন্য দিকে, একই রাতে ময়নাগুড়ির দক্ষিণ ভূষ্কারডাঙ্গা এলাকায় আরও একটি অভিযান চালায় পুলিশ বাহিনী। ওখানকার একটি ভাতের হোটেলে তল্লাশি চালিয়ে দেশি ও বিদেশি মিলিয়ে মোট ৩৭ বোতল অবৈধ মদ উদ্ধার করা হয়। বেআইনিভাবে মদ মজুত ও বিক্রির অভিযোগে হোটেলের মালিক সন্তোষ রায়কেও গ্রেপ্তার করেছে পুলিশ। ময়নাগুড়ি থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃত দুজনের বিরুদ্ধেই নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এই বেআইনি কারবারের নেপথ্যে কোনো বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।