নিউজ ডেস্ক: সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় অভাবনীয় কৃতিত্বের নজির গড়ল কলকাতার আরও এক পড়ুয়া। ভারতীয় বিদ্যাভবনের ছাত্রী অনিশা ঘোষের ৫০০-য় ৫০০ পাওয়ার রেশ কাটতে না কাটতেই সামনে এল বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র জয়শীর্ষ বসুর নাম। ওই স্কুলের তরফে জানানো হয়েছে, জয়শীর্ষও ‘বেস্ট অফ ফাইভ’ বা সেরা পাঁচটি বিষয়ের নিরিখে ১০০ শতাংশ নম্বর অর্থাৎ ৫০০-র মধ্যে ৫০০ নম্বর পেয়েছে।
স্কুল সূত্রে জানা গিয়েছে, জয়শীর্ষ সব ক’টি বিষয়েই ১০০ নম্বর পেলেও ইংরেজিতে পেয়েছিল ৯৯। তবে অতিরিক্ত বিষয় হিসেবে থাকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে (এআই) সে ১০০-এ ১০০ পাওয়ায়, পর্ষদের নিয়ম অনুযায়ী সেই নম্বরটিই ‘বেস্ট অফ ফাইভ’-এর অন্তর্ভুক্ত হয়েছে। এর ফলেই তার সামগ্রিক নম্বর দাঁড়িয়েছে পূর্ণমান অর্থাৎ ৫০০। ছাত্রের এই সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত স্কুল কর্তৃপক্ষ।
বিডিএম ইন্টারন্যাশনালের অধ্যক্ষা মধুমিতা সেনগুপ্ত জয়শীর্ষর এই জয়ে আনন্দ প্রকাশ করেছেন। তিনি জানান, পড়ুয়াদের কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং তাদের সার্বিক বিকাশের দিকেই লক্ষ্য রাখে তাঁর শিক্ষা প্রতিষ্ঠান। আন্তর্জাতিক স্তরের পাঠ্যক্রমের সঙ্গে তাল মিলিয়ে গবেষণামূলক চিন্তাভাবনা এবং মেধার উৎকর্ষ সাধনে স্কুল কর্তৃপক্ষ সবসময় সঙ্কল্পবদ্ধ। জয়শীর্ষর এই সাফল্য স্কুলের সেই ভাবধারাকেই আরও একবার সার্থক করল বলে মনে করছেন তিনি।