নিউজ ডেস্ক: বাংলায় ভোটযুদ্ধের উত্তাপ বাড়াতে এবার ময়দানে নামছেন রাহুল গান্ধী। বিধানভবন সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার নির্বাচনি প্রচারে রাজ্যে আসছেন লোকসভার বিরোধী দলনেতা। কাকতালীয়ভাবে, ওই দিনই অর্থাৎ ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন। দফার ভোট চলাকালীনই কলকাতায় পা রেখে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন রাহুল। তাঁর এই সফরকে কেন্দ্র করে ইতিমধেই রাজ্যে কংগ্রেস শিবিরের অন্দরে তৎপরতা তুঙ্গে।
দলীয় সূচি অনুযায়ী, বৃহস্পতিবার রাহুল গান্ধীর দু’টি বড় কর্মসূচি রয়েছে। কলকাতার ধর্মতলার রানি রাসমণি রোড এবং হুগলির শ্রীরামপুরে দুটি জনসভা করার কথা রয়েছে তাঁর। রাজ্যে ২৯ এপ্রিল শেষ দফার নির্বাচন। তার আগে হাতে থাকা খুব অল্প সময়ে মহানগরী ও সংলগ্ন এলাকায় প্রচারে ঝড় তুলতেই রাহুলের এই ঝটিকা সফর বলে মনে করছে রাজনৈতিক মহল।
বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট অনুযায়ী, আগামী কয়েক দিনে প্রচারের তেজ আরও বাড়াতে চাইছে হাত শিবির। বিশেষত কলকাতা ও শ্রীরামপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে রাহুলের উপস্থিতি কর্মী-সমর্থকদের মনোবল বাড়াবে বলেই আশা করছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। শেষবেলার এই প্রচার লড়াইয়ে রাজনৈতিক সমীকরণ কতটা বদলে যায়, এখন সেটাই দেখার।