নিউজ ডেস্ক: বাংলায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবারই প্রথম নজিরবিহীনভাবে নামানো হয়েছে শতাধিক সাঁজোয়া গাড়ি। অশান্তি রুখতে কাশ্মীর থেকে আনা এই বিশেষ গাড়িগুলো কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও, এর তেলের খরচ মেটাতে গিয়ে এখন কপালে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য প্রশাসনের। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিপুল খরচের পাশাপাশি এই সাঁজোয়া গাড়ির জ্বালানি বাবদ কয়েক কোটি টাকার বাড়তি বোঝা চাপতে চলেছে রাজ্যের কোষাগারে।
প্রশাসনিক সূত্রের খবর, ভারী ও সম্পূর্ণ আর্মার প্লেটিংযুক্ত এই সাঁজোয়া গাড়িগুলো প্রতি লিটার ডিজেলে মাত্র ২ থেকে ৩ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। একেকটি গাড়ি কাশ্মীর থেকে প্রায় ২,৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজ্যে এসেছে। ভোট মিটিয়ে ফিরে যাওয়া এবং রাজ্যে থাকাকালীন টহলদারি মিলিয়ে প্রতিটি গাড়ির প্রায় ৫ হাজার কিলোমিটার পথ চলার কথা। এই বিপুল দূরত্বের তেলের খরচ যদি রাজ্যকে মেটাতে হয়, তবে শুধুমাত্র সাঁজোয়া গাড়ির জ্বালানি বাবদ খরচই আড়াই কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
প্রাথমিকভাবে নবান্ন ধরে রেখেছিল যে, ১,২০০ থেকে ১,৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জন্য প্রায় ১,২৬০ কোটি টাকা খরচ হবে। কিন্তু বর্তমানে সেই সংখ্যা বেড়ে হয়েছে ২,৬৫০ কোম্পানি। এর সঙ্গে যুক্ত হয়েছে ভোট-পরবর্তী পরিস্থিতির জন্য থেকে যাওয়া ৭০০ কোম্পানি বাহিনীর বাড়তি খরচ। ২০২৫ সালের কেন্দ্রীয় বিজ্ঞপ্তি অনুযায়ী, জওয়ানদের দৈনিক নির্বাচনী ভাতাও ৩৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে।
ফলে সব মিলিয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ও তাদের সাঁজোয়া গাড়ির যাতায়াত বাবদ খরচের অঙ্কটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে, এখন সেই হিসাব মেলাতেই ব্যস্ত প্রশাসনিক কর্তারা।