নিউজ ডেস্ক: মহিলাদের আর্থিক স্বাধীনতা ফিরিয়ে এনে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে কেন্দ্র সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প ‘লাখপতি দিদি’। আর সেই প্রকল্পের হাত ধরে পশ্চিমবঙ্গের গ্রামীণ মহিলাদের অভাবনীয় আর্থিক সাফল্যের খতিয়ান উঠে এলো রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পেশ করা সাম্প্রতিক বাজেটে। দপ্তরের পরিসংখ্যানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, রাজ্যে ইতিমধ্যেই প্রায় ৩৩ লক্ষ (৩২ লক্ষ ৯৭ হাজার) মহিলাকে ‘লাখপতি দিদি’ হিসেবে সফলভাবে চিহ্নিত করা সম্ভব হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষেও এই সংখ্যাটি ছিল ১৭ লক্ষ ৮২ হাজার। শুধু তাই নয়, রাজ্যজুড়ে আরও প্রায় ২০ লক্ষ নতুন স্বনির্ভর গোষ্ঠীর (Self Help Groups) মহিলা সদস্যদের আগামী দিনে ‘লাখপতি দিদি’ হিসেবে উন্নীত করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে দপ্তর। সোমবার বিধানসভার অধিবেশনে বিভাগীয় মন্ত্রী দিলীপ ঘোষের দপ্তরের পেশ করা এই বাজেট এবং তার আনুষঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে চলেছে।
গত শুক্রবার থেকেই রাজ্য বিধানসভায় দপ্তরওয়ারি বাজেট অধিবেশনের কাজ শুরু হয়েছে। সেই ধারাবাহিকতা মেনেই আজ পঞ্চায়েত দপ্তরের বাজেট চূড়ান্ত অনুমোদন এবং আলোচনার জন্য পেশ করবেন মন্ত্রী দিলীপ ঘোষ। এ বছর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের জন্য সর্বমোট ৫১ হাজার ৮২৫ কোটি ৫৮ লক্ষ ৩৮ হাজার টাকার বিশাল ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। গ্রামীণ রাস্তাঘাট, পানীয় জল ও স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়নে একাধিক নতুন পরিকল্পনা হাতে নিয়েছে এই দপ্তর।