নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান। আগামী ৮ মে প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদ আগেই দিনক্ষণ ঘোষণা করেছিল, এবার ফলাফল দেখার পদ্ধতি ও সময়ের বিস্তারিত তালিকা প্রকাশ করল তারা। বৃহস্পতিবার পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওইদিন সকাল ১০টা ১৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের রেজাল্ট জানতে পারবে।
পর্ষদ জানিয়েছে, মোট ১৮টি ওয়েবসাইট থেকে ফলাফল দেখা যাবে। এর মধ্যে উল্লেখযোগ্য সরকারি সাইট দুটি হলো— www.wbbsedata.com এবং www.wbbse.wb.gov.in। এ ছাড়া ‘আইরেজাল্টস’ (iResults), ‘মাধ্যমিক রেজাল্টস’ (Madhyamik Results) এবং ‘এডুটিপস’ (EduTips) নামে তিনটি মোবাইল অ্যাপ ডাউনলোড করেও ফল জানা যাবে।
অন্যদিকে, পর্ষদ জানিয়েছে যে ওইদিন সকাল সাড়ে ১০টা থেকে রাজ্যের ৫৫টি ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে মার্কশিট ও সার্টিফিকেট বিলি করা হবে। এ বছর নতুন ৬টি ক্যাম্প বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ক্যাম্পগুলি থেকেই আগামী বছরের পরীক্ষার্থীদের অর্থাৎ বর্তমান নবম শ্রেণির রেজিস্ট্রেশন সার্টিফিকেটও বিতরণ করা হবে। তবে এর জন্য স্কুলগুলিকে অবশ্যই রেজিস্ট্রেশন রিপোর্টের প্রিন্ট করা কপি এবং ব্যাংক চালানের প্রতিলিপি জমা দিতে হবে। পর্ষদ স্পষ্ট জানিয়েছে, এই নির্দিষ্ট নথিগুলি ছাড়া কোনোভাবেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে না।
উল্লেখ্য, বহু স্কুল সময়মতো অনলাইনে রেজিস্ট্রেশনের নথি জমা দিতে ব্যর্থ হয়েছিল। তাদের জন্য ২৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত বিশেষ সময়সীমা দেওয়া হয়েছিল। পর্ষদ জানিয়েছে, যারা এই বর্ধিত সময়ের মধ্যে অনলাইনে নথি জমা দিয়েছে, তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটও ৮ মে ক্যাম্প থেকেই দিয়ে দেওয়া হবে।