নিউজ ডেস্ক: টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি কিশোরী। শেষমেশ মোবাইল টাওয়ারের সূত্র ধরে পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেকে সেই নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সুভাষ দোলুই নামে এক যুবককে। মঙ্গলবার পুলিশি তৎপরতায় উদ্ধার হওয়া ওই নাবালিকাকে হোমে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দু’বছর ধরে চলা সোশ্যাল মিডিয়ার প্রেমের টানেই ঘর ছেড়েছিল ওই কিশোরী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৬ তারিখ বিকেলে গাইঘাটা থানা এলাকার বাসিন্দা ওই নাবালিকা বাড়ি থেকে টিউশন পড়তে বেরোয়। দীর্ঘ সময় কেটে গেলেও সে না ফেরায় পরিবারের পক্ষ থেকে গাইঘাটা থানায় প্রথমে নিখোঁজ ডায়েরি ও পরে অপহরণের অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গাইঘাটার ওই কিশোরীর সঙ্গে কেশপুরের সুভাষের আলাপ হয়েছিল সামাজিক মাধ্যমে। দীর্ঘ দু’বছর ধরে চলা সেই আলাপের সূত্র ধরেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তারা। সেই টানেই বাড়ি থেকে পালিয়ে সুভাষের কাছে চলে গিয়েছিল ওই কিশোরী।
বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত জানান, “অভিযুক্ত যুবককে কেশপুর থেকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া নাবালিকাকে আপাতত হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে।” তবে এই ঘটনাকে কেন্দ্র করে ইদানীং সোশ্যাল মিডিয়ায় যে ধরনের প্রচার বা গুজব ছড়ানো হয়েছিল, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পুলিশ সুপার। তাঁর স্পষ্ট বার্তা, তদন্ত চলাকালীন কোনও প্রকার অপপ্রচারে কান দেওয়া উচিত নয়। গোটা বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।