নিউজ ডেস্ক: সোমবার ছত্তিসগড়ের পাহাড়ি অঞ্চলে এক ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থাকল দেশ। জশপুর জেলার দুর্গম জঙ্গলে ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানের পাইলট এবং কো-পাইলট। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছলেও ঘন জঙ্গল ও বন্ধুর ভূপ্রকৃতির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, জশপুরের নারায়ণপুর থানা এলাকার খুরাসাগরহা গ্রামের কাছে রাতনপাহলি জঙ্গলে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, জেটটি অত্যন্ত নীচু দিয়ে উড়ছিল। মাটি থেকে মাত্র ৩০ ফুট উচ্চতায় থাকার সময় একটি বিশালাকার গাছের সঙ্গে সংঘর্ষ হয় বিমানটির। এর পরেই চালক নিয়ন্ত্রণ হারান এবং পাহাড়ের ঢালে আছড়ে পড়ে জেটটি। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানে দাউদাউ করে আগুন ধরে যায়। দূর থেকেই আকাশের দিকে কুণ্ডলী পাকানো কালো ধোঁয়া ও আগুনের শিখা দেখা গিয়েছে।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও অস্পষ্ট হলেও প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কম উচ্চতায় ওড়াই কাল হয়েছে। জেটে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে দুই চালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। বর্তমানে জঙ্গল ও পাহাড়ি চড়াই টপকে উদ্ধারকারী দল ধংসাবশেষ সরানোর কাজ চালাচ্ছে। দুর্ঘটনার পেছনে যান্ত্রিক গোলযোগ ছিল না কি কেবল কম উচ্চতায় ওড়ার ফলে এই বিপত্তি, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।