নিউজ ডেস্ক: রবিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল দিল্লির শাহদরা এলাকার বিবেক বিহার। একটি চারতলা আবাসিক ভবনে আগুন লেগে অন্তত নয় জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৬ জনকে। তবে আগুনের তীব্রতা ও বীভৎসতা দেখে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন।
প্রাথমিক তদন্তে অনুমান, একটি এয়ার কন্ডিশনার (এসি) ইউনিটে বিস্ফোরণ থেকেই এই আগুনের সূত্রপাত। স্থানীয়দের দাবি, ভোররাতে হঠাৎ ওই বহুতল থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে আগুন একতলা থেকে ওপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বাসিন্দারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, ফলে সিঁড়ি ও করিডোর ঘন ধোঁয়ায় ঢেকে যাওয়ায় অনেকেই ঘরের ভেতরে আটকে পড়েন। নিশ্বাস নিতে না পেরে এবং আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে অনেকে জানালা দিয়ে ঝাঁপ দেওয়ারও চেষ্টা করেন।
খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে বহুতলের ভেতরে ঢুকে বারান্দা ও জানালা ভেঙে বেশ কয়েকজনকে উদ্ধার করেন। আহত অন্তত ১০-১২ জনকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এই মর্মান্তিক ঘটনা দিল্লির বহুতলগুলোর অগ্নি-নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। বিশেষ করে ঘিঞ্জি এলাকায় অনিয়ন্ত্রিত নির্মাণ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পুলিশ ও ফরেনসিক দল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। গ্রীষ্মের দাবদাহ বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে এসি বিস্ফোরণ বা শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা যে হারে বাড়ছে, তা নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা।